তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে বড় সিদ্ধান্ত, কমিশনের দ্বারস্থ মমতা!
দলের নাম, সম্পত্তি ও প্রতীকের অধিকার নিয়ে চলমান বিতর্কের মাঝে নির্বাচন কমিশনের কাছে ঋতব্রতপন্থী তৃণমূলের অতিরিক্ত ১৫ দিন সময় চাওয়ার আবেদনের তীব্র বিরোধিতা করল আদি তৃণমূল। নির্ধারিত সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ১৪ পাতার বিস্তারিত নথি কমিশনকে জমা দিয়েছেন। কিন্তু ঋতব্রতপন্থীরা নথিপত্র গোছানোর জন্য বাড়তি সময়ের আবেদন করায় আদি তৃণমূলের পক্ষ থেকে মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তারা কমিশনকে অনুরোধ করেছেন, যেন ঋতব্রতপন্থীদের আর কোনো বাড়তি সময় না দিয়ে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া তথ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, আদি তৃণমূলের জমা দেওয়া নথিপত্র দেখে নকল করার উদ্দেশ্যেই ঋতব্রত পক্ষ সময় চাইছে। তাঁদের কাছে দাবির সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই দাবি করে মহুয়া মৈত্র ঋতব্রতপন্থীদের কেন্দ্রীয় সরকারের ‘বি টিম’ বলে কটাক্ষ করেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন। ঋতব্রতপন্থীদের অতিরিক্ত সময় চাওয়ার আবেদনের প্রেক্ষিতে আজ বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে পারে বলে জানা গেছে।