১৬০টি বহুতলে অডিট, ছাড়পত্র মাত্র ১১টির! কড়া পদক্ষেপ রাজ্য সরকারের
তারাতলায় গোডাউন ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনার পর বেআইনি নির্মাণ রুখতে কড়াকড়ি শুরু করেছে কলকাতা পুরনিগম। শহরজুড়ে নির্মীয়মাণ বহুতলগুলিতে নজরদারি ও অডিটের অংশ হিসেবে আগামী ৩১ জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১৬০টি নির্মীয়মাণ বহুতলের অডিট সম্পন্ন হয়েছে, যার মধ্যে মাত্র ১১টি ভবন হাই-পাওয়ার কমিটির প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে।
অডিট চলাকালীন অধিকাংশ বহুতলেই শ্রমিক নিরাপত্তা ও নির্মাণ সংক্রান্ত একাধিক গুরুতর ত্রুটি ধরা পড়েছে। সংশোধনের জন্য ত্রুটিপূর্ণ রিপোর্টগুলি সংশ্লিষ্ট ডেভেলপার ও প্রোমোটারদের কাছে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ৪১টি রিপোর্ট পর্যালোচনার জন্য টেকনিক্যাল সাব-কমিটির কাছে পেশ করা হয়েছে। গত তিন বছরে জমা পড়া ৩৪৪টি আবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং শহরের অন্যান্য এলাকায় এই অডিট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।