প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বউমার বিস্ফোরক মামলা, গো-মূত্র পান ও কুসংস্কারের অভিযোগে তোলপাড়!
সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত, তাঁর স্ত্রী ও কাউন্সিলর ছেলে গীতেশের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর পুত্রবধূ। মহারাষ্ট্রের থানেতে এই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে কুসংস্কার-বিরোধী ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগকারীর ভাষ্যমতে, দীর্ঘ সাত বছর ধরে তাঁকে পারিবারিক পর্যায়ে নানাভাবে নিগ্রহ করা হয়েছে। তাঁর দাবি, তুকতাক ও ঝাড়ফুঁকের মাধ্যমে নির্যাতনের পাশাপাশি অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে তাঁকে জোর করে গো-মূত্র পান করানো হয়েছে। এতদিন প্রভাবশালী পরিবারের ভয়ে তিনি মুখ খুলতে পারেননি বলে জানিয়েছেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, উটি ও অস্ট্রেলিয়া সফরসহ বিভিন্ন সময়ে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি মধুচন্দ্রিমা চলাকালীন স্বামী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানান এবং নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা হলে স্বামীর মৃত্যু হতে পারে বলে তাঁকে ভয় দেখানো হতো। দীর্ঘদিনের এই নির্যাতনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য বা তাঁর পরিবারের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।