মমতার ঘরেই ভাঙন, তবুও ২১-এর মঞ্চে আমন্ত্রণে কোন বড় চমক লুকিয়ে?

২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ পালন নিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। ধর্মতলায় অনুমতি না পাওয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শেষপর্যন্ত কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এই মেগা ইভেন্টের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একঝাঁক বিধায়ক ও নেতাকে সঙ্গে নিয়ে মেয়র রোডের সভাস্থল পরিদর্শন করেন। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর বার্তা দিয়েছেন ঋতব্রত। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে পাশে পেতে চান এবং এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি কাম্য।

১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম আবেগপূর্ণ অধ্যায়। এবারের পরিস্থিতিতে পরিষদীয় দলের কর্তৃত্ব ঋতব্রত শিবিরের হাতে থাকায় এবং কালীঘাট তৃণমূলের ভূমিকা নিয়ে ধোঁয়াশা থাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ৩৩ বছর আগে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই রাজনৈতিক মঞ্চেই আমন্ত্রিত হিসেবে তাঁর উপস্থিতির সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর মধ্যেই আসল তৃণমূল শিবির তাদের কর্মসূচির প্রস্তুতি জোরকদমে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *