শিক্ষাকে পণ্য হতে দেব না, রাজ্যের ৮১ হাজার স্কুলের ভোলবদল নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা প্ল্যান!
রাজ্যে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর রাজ্যের ৮১ হাজার স্কুলের মানোন্নয়নের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের আমলের অব্যবস্থা কাটিয়ে স্কুলগুলিকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করতে হবে। এ ছাড়াও, শিক্ষাকে কোনোভাবেই পণ্য হতে দেওয়া হবে না এবং কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করবে বলে তিনি উল্লেখ করেছেন।
স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এদিন একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। এর আওতায় মিড-ডে মিল রান্নার কাজে গ্যাসের ব্যবহার, পরিশ্রুত পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ড ও সোলার সিস্টেম বসানো হবে। পাশাপাশি, মেয়েদের স্কুলগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, স্কুল পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে অভিভাবকদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হবে।