রাম মন্দিরের অনুদানে দুর্নীতি, ট্রাস্ট ও যোগী সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের!
রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগে দায়ের হওয়া মামলায় কঠোর পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার এবং রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে এই বিষয়ে নোটিস পাঠিয়েছে। একই সঙ্গে, এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলকে (SIT) দ্রুত তদন্তের অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সিল করা খামে এই রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।
অনুদান গণনা ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং সদস্য অনিল মিশ্র ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তদন্তে নেমে পুলিশ চম্পত রাইয়ের ঘনিষ্ঠ টিন্নু যাদব-সহ কয়েকজনকে গ্রেফতার করেছে। বিশেষ তদন্তকারী দল (SIT) ঘটনার তদন্ত করতে গিয়ে অনুদান গ্রহণের স্থানে নিরাপত্তার গাফিলতির প্রমাণও পেয়েছে।