সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি নয়, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রীর!

সরকারি হাসপাতালের চিকিৎসক ও শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ করতে হবে বলে রবিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের করা মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সোমবার তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের টানা ৯৬ ঘণ্টা কাজের কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। মূলত জরুরি অবস্থায় প্রান্তিক রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতেই তিনি চিকিৎসকদের ডিউটি স্টেশনের কাছাকাছি এলাকায় থাকার ওপর জোর দিয়েছিলেন।

এর আগে, রবিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন যে সরকারি হাসপাতালে ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস করা চলবে না এবং শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা হাসপাতালে উপস্থিত থাকতে হবে। মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে হিসাব করে দেখেন, সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ মানে প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা ডিউটি, যা বাস্তবে অসম্ভব। সোমবারের স্পষ্টীকরণে মন্ত্রী বর্তমান উত্তেজনার অবসান ঘটিয়ে জানিয়েছেন, চিকিৎসকদের মনে কোনো সংশয় থাকলে তিনি সরাসরি আলোচনার জন্য প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *