শওকত মোল্লার এমএ ডিগ্রি কি ভুয়া? সিবিআই তদন্তের দাবিতে সরগরম রাজনীতি!
ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, শওকত মোল্লা প্রকৃতপক্ষে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ হলফনামায় কখনও উচ্চ মাধ্যমিক, কখনও স্নাতক, আবার কখনও স্নাতকোত্তর হওয়ার দাবি করেছেন।
বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, বিধায়ক পদ সামলানোর পাশাপাশি রাজস্থান থেকে রেগুলার কোর্সে এমএ ডিগ্রি অর্জন করা অসম্ভব। তারা শওকত মোল্লাকে একটি আন্তঃরাজ্য ভুয়ো শংসাপত্র চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জীবনতলা থানা ও বারুইপুর এসপি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং পুরো বিষয়টি সিবিআই দিয়ে তদন্তের দাবি তুলেছেন। উল্লেখ্য, বর্তমানে একটি বিস্ফোরণ মামলায় এনআইএ-র হেফাজতে রয়েছেন এই প্রাক্তন বিধায়ক।