বারুইপুরের সেই নারকীয় ঘটনা, এবার ঘটনাস্থলে পুনর্নির্মাণ তদন্ত!

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতি বাড়াল সিট। মঙ্গলবার দুপুরে তিন অভিযুক্ত কবীর মোল্লা, আনন্দ সর্দার ও দিবাকর সর্দারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। এ সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা উপস্থিত থেকে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন। রেললাইনের ধারে যে স্থানে ঘটনাটি ঘটেছিল, সেখানে সাক্ষীদের উপস্থিতিতে পুরো বিষয়টি খুঁটিয়ে দেখা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে অপর অভিযুক্ত প্রভাস মণ্ডলকে একইভাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টাকালে সে এনকাউন্টারে নিহত হয়। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে মোট চারটি মামলার তদন্ত চলছে, যার মধ্যে রয়েছে নাবালিকাকে ধর্ষণ ও খুন, গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্ট এবং রেল অবরোধ ও রেলের সম্পত্তি ধ্বংসের মামলা। এছাড়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তদন্তের সরাসরি তদারকির আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *