আবাসের টাকা মেলেনি, দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর!

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের আমডহরা গ্রামে মাটির বাড়ির দেওয়াল ধসে তামিম খান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বৃষ্টির জেরে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়লে শিশুটি সহ পরিবারের সদস্য ও এক প্রতিবেশী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারী দল ও স্থানীয়রা তাঁদের দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত বাকি তিনজন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, পরিবারটি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তি এখনও পায়নি, যার ফলে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি এবং তারা বিপজ্জনক ওই কাঁচা ঘরে থাকতে বাধ্য হচ্ছিলেন। ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুরের বিডিও ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাকাদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবাসের দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *