মৃতের নামেও আবাস যোজনার টাকা! মঙ্গলকোটে ফাঁস চাঞ্চল্যকর দুর্নীতি
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর-১ পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুয়ো নথিপত্র ব্যবহার করে মৃত ব্যক্তি এবং আবেদন না করা সাধারণ মানুষের নামে সরকারি অনুদানের লক্ষাধিক টাকা আত্মসাতের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। তথ্য অনুযায়ী, ২০১২ সালে মৃত এক ব্যক্তির নামেও ২০২১-২২ অর্থবর্ষে আবাস যোজনার টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া অনেক প্রকৃত আবেদনকারী জানতে পেরেছেন যে, তাঁদের নামে টাকা অনুমোদন হলেও সেই অর্থ অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে।
এই দুর্নীতির ঘটনায় স্থানীয় এক তৃণমূল সদস্য স্বীকার করেছেন যে, সরকারি টাকা তাঁর অ্যাকাউন্টে আসার পর তিনি তা পঞ্চায়েত প্রধান সুফল প্রধানের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে অভিযুক্ত প্রধান পলাতক রয়েছেন। স্থানীয় বিধায়ক শিশির ঘোষের দাবি, শুধুমাত্র দুটি আর্থিক বর্ষেই প্রায় দু’হাজারটি দুর্নীতির ঘটনা চিহ্নিত করা হয়েছে। এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।