রথযাত্রায় নবদ্বীপ যাওয়ার পরিকল্পনা? ভক্তদের ভিড় সামলাতে সুখবর দিল রেল!
রথযাত্রা ও উল্টোরথ উপলক্ষে ভক্তদের বিপুল সমাগম সামাল দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই উপলক্ষে ১৬ জুলাই এবং ২৪ জুলাই হাওড়া ও নবদ্বীপ ধামের মধ্যে এক জোড়া বিশেষ ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে হাওড়া ডিভিশন। এছাড়া কলকাতা ও মালদা থেকে পুরী যাওয়ার জন্যও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
হাওড়া থেকে নবদ্বীপগামী স্পেশাল ট্রেনটি (০৩০৯৫) সকাল ৯টা ৩২ মিনিটে হাওড়া ছেড়ে দুপুর ১২টায় নবদ্বীপ ধামে পৌঁছাবে। ফিরতি পথে ০৩০৯৬ নম্বর ট্রেনটি দুপুর ২টো ৩০ মিনিটে নবদ্বীপ থেকে ছেড়ে বিকেল ৫টায় হাওড়ায় পৌঁছাবে। উভয় ট্রেনই যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে। অন্যদিকে, কলকাতা-পুরী রুটে ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই এবং মালদা টাউন-পুরী রুটে ১৪ ও ২২ জুলাই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু থাকবে। ফিরতি পথে এই ট্রেনগুলো নির্দিষ্ট দিন অনুযায়ী পুরী ও খুরদা রোড থেকে নির্ধারিত সময়ে ছাড়বে।