বারুইপুর কাণ্ড, ঘটনাস্থলে ফের ৩ অভিযুক্ত!
দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে আজ নতুন মোড় নিয়েছে। মামলার তদন্তে এসআইটি (SIT) ও ফরেনসিক দলের পক্ষ থেকে তিন অভিযুক্ত— আনন্দ সরদার, দিবাকর মণ্ডল এবং কবীর মোল্লাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) করা হচ্ছে। অপরাধের গভীরে পৌঁছাতে এবং ফরেনসিক প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৭ জুলাই একই ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল নিহত হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার পুরো এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং দিনের আলোতেই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইডি (CID) ও বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে রেলগেট থেকে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তদন্তকারীরা। মূল অপরাধের পাশাপাশি প্রভাস মণ্ডলের মৃত্যুর কারণ নিয়েও সিআইডির বিশেষ দল পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।