আবাস যোজনায় নতুন সুখবর, ১ লক্ষ ঘর দিচ্ছে কেন্দ্র!
পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে বড়সড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে ১ লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’র জন্য ১ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র।
১০০ দিনের কাজের ক্ষেত্রেও বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে যারা নির্ধারিত ১০০ দিনের কাজ সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য অতিরিক্ত ৫০ দিন কাজের সুযোগ দেওয়া হবে এবং ২ কোটি ৫৬ লক্ষ মানুষকে জব কার্ডের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে আবাস যোজনা প্রকল্পে অনিয়মের অভিযোগে ২২ জনকে টাকা ফেরতের নোটিশ দেওয়া হয়েছে এবং যাদের ইতিমধ্যে পাকা বাড়ি আছে, অথচ সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের গতি বাড়াতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।