পূর্ব কলকাতা জলাভূমি দখলমুক্ত করতে হাইকোর্টের কড়া বার্তা, তলব ৫০০ অবৈধ নির্মাণের রিপোর্ট!
July 14, 2026
পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা করতে অত্যন্ত কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। জলাভূমি ভরাট করে গড়ে ওঠা ৫০০-এরও বেশি অবৈধ নির্মাণের বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। চিহ্নিত ওই অবৈধ নির্মাণের মধ্যে কতগুলো ভেঙে ফেলা হয়েছে এবং কতখানি জলাভূমি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তা আদালত জানতে চেয়েছে।
এই নির্দেশ কার্যকর করার জন্য কলকাতা পৌর সংস্থা (কেএমসি), পূর্ব জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ইকেডব্লিউএমএ) এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদকে আগামী ১৪ অগাস্টের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। শহরের প্রাকৃতিক ফিল্টারখ্যাত এই জলাভূমি ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য ও নিকাশি ব্যবস্থা মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতেই পরিবেশবিদদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট এই পদক্ষেপ নিল।