নবান্নের কাছেই ভয়াবহ ডাকাতি, বন্দুক ঠেকিয়ে লুট সোনা ও নগদ অর্থ!
হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় নবান্নের অদূরে একটি চারতলা বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে জনবহুল বাজারের পেছনে অবস্থিত ওই বাড়িতে অস্ত্রধারী দুষ্কৃতীরা হামলা চালায়। পরিবারের অভিযোগ, বন্দুকের মুখে জিম্মি করে দুষ্কৃতীরা আলমারি ভেঙে প্রচুর পরিমাণ সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির অভিভাবকরা মন্দিরে ভোগ বিতরণে ব্যস্ত ছিলেন। বাড়িতে থাকা নাবালক ছেলে ও মেয়েকে একা পেয়ে তিন মুখোশধারী দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। তারা নাবালকের কাছে আলমারির চাবি দাবি করলে সে বাধা দেয়। এ সময় দুষ্কৃতীরা মেয়েটির মাথায় বন্দুক ঠেকায় এবং নাবালকের ওপর ছুরি চালায়। এমনকি তারা বাড়ির পোষ্য কুকুরটিকেও মারধর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।