শহিদ দিবসে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভঙ্করের, কংগ্রেসের মঞ্চে আমন্ত্রণ ঘিরেই তুঙ্গে বিতর্ক!
২১ জুলাই শহিদ দিবসকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেসের
কলকাতা: একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে বিধান ভবনের বদলে এবার প্রকাশ্য ময়দানে অর্থাৎ শহিদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। এই আয়োজনকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন যুব কংগ্রেস সভানেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই মঞ্চে আসার জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্করের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই আন্দোলনের প্রতি সম্মান জানাতে চান এবং নিজের সততার প্রমাণ দিতে চান, তবে তাঁর এই মঞ্চে আসা উচিত। প্রদেশ কংগ্রেসের মতে, দলবদল করে সেই আন্দোলনের ইতিহাসকে নিজের মতো করে সাজানো একটি ঐতিহাসিক ভুল।
কংগ্রেস নেতৃত্বের আরও অভিযোগ, ১৯৯৩ সালের ২১ জুলাই যে মণীশ গুপ্তের প্রশাসনিক নির্দেশে যুব কংগ্রেস কর্মীদের ওপর গুলি চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাঁকেই ক্যাবিনেট মন্ত্রী করেছিলেন, যা শহিদদের ত্যাগের প্রতি অমর্যাদা। প্রদেশ কংগ্রেস সভাপতি অবিলম্বে ওই ঘটনার সমস্ত গোপন নথি জনসমক্ষে আনার দাবি তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরনো ইতিহাস বিকৃত না করে ভুল স্বীকার করার আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিনের এই আবেগকে তৃণমূল এতদিন নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগ কংগ্রেসের, আর এই সরাসরি আক্রমণকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।