বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝোড়ো বৃষ্টির দাপট!
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী চার দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং ৫টি জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতাসহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো বিশেষ সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গে রোববার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ কমার কোনো লক্ষণ নেই, বরং সপ্তাহান্তে সেখানে দুর্যোগ বেড়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।