২১ জুলাই পর্যন্ত মহুয়ার স্বস্তি! হাইকোর্টের বড় নির্দেশ
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে আপাতত আইনি সুরক্ষা প্রদান করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ জুলাই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কৃষ্নগরের সাংসদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া আইনি পদক্ষেপ নিতে পারবে না। কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকারী কর্তৃক ডিম ছোড়ার ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পুলিশের কাছে করা তাঁর নিজের অভিযোগকে গুরুত্ব না দিয়ে উল্টে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে পুলিশ অতিসক্রিয়তা দেখাচ্ছে।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতা-নেত্রীদের ঘিরে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আদালত উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। জনসমক্ষে রাজনৈতিক ব্যক্তিত্বদের হেনস্থা করার প্রবণতা রুখতে ইতিপূর্বেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যের ডিজিকে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি ও কার্যকর করার নির্দেশ দিয়েছিল। মহুয়া মৈত্রের এই বিষয়টিও সেই রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখা হচ্ছে এবং এখন সকলের নজর ২১ জুলাইয়ের শুনানির দিকে।