আসামে রথযাত্রা শাস্ত্রবিরুদ্ধ? পুরী মন্দিরের কড়া জবাবে উত্তাল বিতর্ক!
বছরের নির্দিষ্ট তিথির বাইরে বিদেশের মাটিতে ‘অফ-সিজনে’ রথযাত্রা আয়োজন নিয়ে ইসকন (ISKCON) এবং পুরীর শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) মধ্যে দীর্ঘদিনের বিবাদ পুনরায় তীব্র হয়েছে। ভারতের বাইরে ভিন্ন সময়ে রথযাত্রা পালন শাস্ত্রসম্মত বলে ইসকনের করা দাবি সরাসরি খারিজ করে দিয়েছে পুরী মন্দির প্রশাসন। এসজেটিএ-র পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ধরনের আয়োজন ধর্মীয় শাস্ত্রের পরিপন্থী এবং তা সাধারণ ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।
গত ১২ জুলাই ইসকনের পক্ষ থেকে দাবি করা হয় যে, বিদেশের মাটিতে নির্দিষ্ট সময়ের বাইরে রথযাত্রা পালন হিন্দু ধর্মগ্রন্থে অনুমোদিত। তবে মন্দির প্রশাসন এই দাবিকে ‘ভুল, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছে। এছাড়া, পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব এই ধরনের রথযাত্রাকে সমর্থন করেছেন বলে ইসকনের যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তাও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে মন্দির কর্তৃপক্ষ। বর্তমানে এই বিষয়ে ইসকনের জাতীয় মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস জানিয়েছেন, মন্দির প্রশাসনের সম্পূর্ণ বিবৃতিটি পাওয়ার পরই তারা আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রতিক্রিয়া জানাবেন।