ওবিসি তালিকা নিয়ে বড় চমক! সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার
রাজ্যের ৭৭টি ওবিসি (OBC) সম্প্রদায়কে ঘিরে চলা আইনি জটে নতুন মোড় এসেছে। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা মামলাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ এই মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা এবং অনগ্রসর শ্রেণি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই এই আপিল প্রত্যাহার করা হলো।
২০১০ সালের পর রাজ্য সরকার যে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল, গত মে মাসে কলকাতা হাইকোর্ট তা বাতিল করার নির্দেশ দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। এদিকে, চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আইনি জট কাটাতে সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, রাজ্য মামলা তুলে নিলেও অন্য কোনো পক্ষ চাইলে আইনি লড়াই চালিয়ে যেতে পারবে।