মায়ের নামে গাছ! জলপাইগুড়িতে ৩ লক্ষ বৃক্ষরোপণের অসাধ্য সাধন

জলপাইগুড়িতে অরণ্য সপ্তাহ: ৩ লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা প্রশাসনের

জলপাইগুড়িতে ‘অরণ্য সপ্তাহ’ উপলক্ষ্যে জেলাজুড়ে ৩ লক্ষ চারাগাছ লাগানোর উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি গ্রহণ করেছে বন দফতর ও প্রশাসন। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই ৫০ হাজার চারা বিতরণ করে এই কাজের সূচনা করা হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ চত্বর থেকে তিস্তা উদ্যান পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির প্রচার চালানো হয়, যেখানে বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও বিধায়ক।

‘এক পেড় মা কে নাম’ বার্তাকে সামনে রেখে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী তাঁর নির্বাচনী এলাকায় ৫০ হাজার চারা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন। সাংসদ জয়ন্তকুমার রায় জানিয়েছেন, গাছ লাগানোর পাশাপাশি এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের দিকেও বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া লোকালয়ের পাশাপাশি বন দপ্তরের উদ্যোগে গরুমারা জাতীয় উদ্যানের ৮৫ হেক্টর জমিতে জীববৈচিত্র্য রক্ষায় নতুন ঘাসবন তৈরির কাজও শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *