বইমেলাতেও কোটি টাকার দুর্নীতি! তৃণমূল জমানার হিসেব নিতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
রাজ্যে বিগত তৃণমূল সরকারের আমলের ‘বইমেলা দুর্নীতি’র পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সল্টলেকে বিজেপির ‘জনতার দরবার’ কর্মসূচি চলাকালীন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ অভিযোগ করেন যে, আগের সরকারের আমলে জেলাভিত্তিক সরকারি বইমেলাগুলিতে বিপুল দুর্নীতি হয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি অর্থে তৃণমূল ঘনিষ্ঠ প্রকাশনী ও ব্যক্তিদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে বই কেনা হয়েছিল, যার মাধ্যমে সরকারি কোষাগারের টাকা তৎকালীন শাসকদলের খাতে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রন্থাগারমন্ত্রীকে দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বইমেলার পাশাপাশি অতীত সরকারের আমলের যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে নবান্ন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত এই কমিশন নিয়োগ দুর্নীতি, মিড-ডে মিল ও ১০০ দিনের কাজের মতো আর্থিক অনিয়মগুলো খতিয়ে দেখবে। তবে যে দুর্নীতিগুলোর তদন্ত ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থা যেমন সিবিআই বা ইডি-র অধীনে রয়েছে, সেগুলো এই কমিশনের আওতাভুক্ত হবে না। দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ‘অপারেশন ক্লিনআপ’ রাজ্য রাজনীতিতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।