রথের দিনে দুর্যোগের ভ্রুকুটি! ৩ জেলায় জারি কমলা সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে রথযাত্রার দিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সংলগ্ন জেলাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে রবিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রথযাত্রার দিন বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পানাগড় ও দিঘায় ৯০ মিলিমিটার, ক্যানিংয়ে ৭০, আমতায় ৬০ এবং কলকাতায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *