জন্ম ও মৃত্যু শংসাপত্রে বড়সড় রদবদল, ভুয়ো রুখতে জারি নতুন নিয়ম!

ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র রোধে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য দফতরের প্রকাশিত ‘রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬’ অনুযায়ী শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে নামের ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত রূপ বা আদ্যক্ষর ব্যবহার করা যাবে না এবং ‘ফার্স্ট নেম’, ‘মিডল নেম’ ও ‘লাস্ট নেম’ ফরম্যাটে পুরো নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিকানার ক্ষেত্রেও গ্রাম বা ওয়ার্ড, ব্লক বা সাব-ডিভিশন, জেলা, পিন কোড এবং বাড়ির নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

দেরিতে আবেদন ও মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্ধারিত ২১ দিনের পর ৩০ দিনের মধ্যে আবেদনের ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন ও বিশেষ অনুমতির প্রয়োজন হবে। এক বছরের বেশি দেরি হলে এসডিও বা জেলা ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমোদন লাগবে এবং দুই বছরের বেশি দেরি হলে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া শংসাপত্র মিলবে না। এছাড়া অ-প্রাতিষ্ঠানিক মৃত্যুর ক্ষেত্রে এমবিবিএস বা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের মেডিকেল ডেথ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ায় ফি ও জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে, তবে সাধারণ মানুষের সুবিধার্থে পুরো বিষয়টি অফলাইনের পাশাপাশি অনলাইনে ই-সার্টিফিকেট হিসেবেও পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *