১০০ দিনের কাজের ২০০০ কোটির জট কাটছে হাইকোর্টে!
১০০ দিনের কাজের বকেয়া ২০০০ কোটি টাকা মেটাতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্য সরকার
কলকাতা: ১০০ দিনের কাজের প্রকল্পে (MGNREGA) সামগ্রী সরবরাহ করেও বিগত সরকারের আমলে পাওনা প্রায় ২০০০ কোটি টাকা না পাওয়ায় দীর্ঘদিনের বকেয়া মেটানোর জট খুলতে চলেছে। রাজ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে কেন্দ্র ও রাজ্যের নতুন অবস্থানে এই বকেয়া পাওনা মেটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে বদ্ধপরিকর। এছাড়া বিচারপতি কৃষ্ণা রাও সংশ্লিষ্ট পক্ষগুলোর ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের দাবি, বিগত সময়ে কিছু শর্ত না মানার কারণে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছিল। এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য সরকার পক্ষ আদালতের কাছে এক মাস সময় চেয়েছে। রাজ্যের বিভিন্ন ঠিকাদার সংস্থা ২০২১ সাল থেকে তাদের প্রাপ্য টাকা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ৫ বছর ধরে ঝুলে থাকা এই বকেয়া মামলার পরবর্তী শুনানি আগামী ১২ অগাস্ট অনুষ্ঠিত হবে।