অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না? নতুন আপডেটে স্বস্তি পেলেন উপভোক্তারা!
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, যোগ্য কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন। প্রকল্পটির কাজ শুরু হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এই বিশাল সংখ্যক মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা হওয়া স্বাভাবিক উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক উপভোক্তা চিহ্নিত করতে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে। বর্তমানে প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা এই সুবিধা পাচ্ছেন। যাচাই-বাছাইয়ের পর নতুন করে আরও ২ থেকে ৭ হাজার প্রকৃত যোগ্য উপভোক্তা চিহ্নিত হলে তাঁদেরও দ্রুত এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে, অযোগ্যদের বাদ দিয়ে কঠোর ভেরিফিকেশনের মাধ্যমে স্বচ্ছতার সাথে পরিষেবা প্রদান করা হবে। এছাড়া, রাজনৈতিক বা অন্য কোনো ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই সরকার প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে অর্থ পৌঁছে দিতে বদ্ধপরিকর।