বাতিল হতে চলেছে UGC! সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতি, বাদল অধিবেশনে আসছে ৭ বড় বিল!

আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। তৃণমূল কংগ্রেস ভেঙে গঠিত নতুন দল ‘NCPI’-এর ২০ জন সাংসদের সমর্থন ও রাজ্যসভায় বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এই অধিবেশনে নামছে শাসকদল এনডিএ। এই নতুন রাজনৈতিক সমীকরণের আবহে কেন্দ্র সরকার সংসদে অন্তত ৭টি গুরুত্বপূর্ণ বিল পেশ করার পরিকল্পনা করেছে। তবে রাজনৈতিক মহলে চর্চিত ‘মহিলা সংরক্ষণ বিল’ এবং ‘সীমানা পুনর্নির্ধারণ বিল’ আপাতত সরকারের সম্ভাব্য বিলের তালিকায় স্থান পায়নি। সংসদীয় সূত্রের খবর, অধিবেশন চলাকালীন সরকার চাইলে যেকোনো সময় নতুন বিল উত্থাপন করতে পারে।

সংসদের এই অধিবেশনে যে ৭টি মেগা বিল পেশ করা হবে তার মধ্যে রয়েছে উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা গঠনের লক্ষ্যে ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল’ এবং সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার জন্য ‘সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধন বিল, ২০২৬’। এছাড়া এনজিও-র বিদেশি অনুদানের উপর নজরদারি বাড়াতে ‘এফসিআরএ (FCRA) সংশোধনী বিল’, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘আয়কর (সংশোধন) বিল, ২০২৬’ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ার কড়াকড়ির জন্য ‘জন্ম-মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপিত হবে। পাশাপাশি, জাতীয় সম্মান রক্ষার্থে ১৯৭১ সালের আইনে বদল এনে ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬’ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ‘এমএসএমই (MSME) উন্নয়ন (সংশোধন) বিল, ২০২৬’ পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *