রাহুলের সভার মঞ্চ বাঁধতে গিয়ে মর্মান্তিক মৃত্যু কংগ্রেস কর্মীর!

দেরাদুনের বান্নু স্কুল মাঠে রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ সভার মঞ্চ তৈরির সময় মর্মান্তিক দুর্ঘটনায় অমর মেহতা (৬৫) নামে এক প্রবীণ কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চের কাঠামো তৈরির কাজ চলাকালীন ওপর থেকে একটি ভারী লোহার রড আচমকা তাঁর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত এই কর্মীর মৃত্যুতে দলের অন্দরে শোকের ছায়া নেমে এসেছে। উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়ালসহ দলের শীর্ষ নেতারা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনার পরেও শুক্রবারের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হচ্ছে না, তবে তা অনাড়ম্বরভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শুরুর আগে রাহুল গান্ধী নিহত কর্মীর প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *