বাংলার সব স্কুলে এবার গেমিং ও অ্যানিমেশন ল্যাব, বদলে যাবে পড়াশোনার ভবিষ্যৎ!
রাজ্যের স্কুলপড়ুয়াদের আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল স্কুলশিক্ষা দপ্তর। এখন থেকে রাজ্যের সমস্ত স্কুলে তৈরি হতে চলেছে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’। এই ল্যাবগুলোতে মূলত অ্যানিমেশন, ভিএফএক্স (VFX) এবং গেমিংয়ের মতো আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী পাঁচ বছরে প্রতি বছর অন্তত এক লক্ষ পড়ুয়াকে এই বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার।
স্কুলগুলিতে বিদ্যমান কম্পিউটার ল্যাবের পরিকাঠামো যাচাই করার জন্য ইতিমধ্যেই একটি গুগল ফর্ম পাঠানো হয়েছে। স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, প্রতিটি স্কুলকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, স্কুলস্তর থেকে এই ধরনের প্রযুক্তিগত শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের পথ প্রশস্ত করবে এবং অ্যানিমেশন ও গেমিং ইন্ডাস্ট্রিতেও নতুন সুযোগ তৈরি করবে।