২০২৯ সালেই ডিলিমিটেশন? তড়িঘড়ি বিল আনার ছক ঘিরে তুঙ্গে বিতর্ক!
আসন্ন সংসদীয় অধিবেশনে কেন্দ্র সরকার ‘ডিলিমিটেশন’ বা আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে চলেছে বলে জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মোদী সরকারের এটি একটি সুদূরপ্রসারী রাজনৈতিক পরিকল্পনা। বিরোধী দলগুলিকে দুর্বল করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তীব্র অভিযোগ তুলেছে কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যগুলো লোকসভায় প্রতিনিধিত্বের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। দলটির মতে, যেসব রাজ্য সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, তাদের প্রতিনিধিত্ব কমিয়ে শাস্তি দেওয়া অনুচিত। এই স্পর্শকাতর বিষয়ে একতরফা সিদ্ধান্ত না নিয়ে অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিল ও বিরোধী দল ভাঙানোর চেষ্টার অভিযোগ তুলে স্বচ্ছ আলোচনার ওপর জোর দিয়েছে কংগ্রেস।