ট্রেনের ধাক্কায় পুলকার দুমড়েমুচড়ে নিহত ৩, মর্মান্তিক পরিণতি বহরমপুরে!

মুর্শিদাবাদের বহরমপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় দুই স্কুলছাত্রী ও এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস যাওয়ার পরপরই গেটম্যান লেভেল ক্রসিংয়ের গেট খুলে দেন। এসময় ৮ জন পড়ুয়াকে নিয়ে পুলকারটি লাইন পার হওয়ার সময় তীব্র গতির নিমতিতা-কাটোয়া লোকাল সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই তিনজন প্রাণ হারান। আহত অবস্থায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, গেটম্যান মদ্যপ অবস্থায় ছিলেন এবং সিগন্যাল না দেখেই ভুলবশত গেট খুলে দিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের পক্ষ থেকে অভিযুক্ত গেটম্যান ও সুপারভাইজ়ারকে সাসপেন্ড করা হয়েছে এবং গেটম্যানকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য পূর্ব রেলের এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে। এছাড়া মৃতদের পরিবারপ্রতি ১০ লক্ষ টাকা রেলের তরফ থেকে এবং ৫ লক্ষ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *