অজগর আনলেই ফ্রি পিৎজা! রেস্তোরাঁর এমন অফারে তোলপাড় নেটদুনিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ‘ওয়াইল্ডম্যানস পিৎজা’ নামের একটি রেস্তোরাঁ গ্রাহকদের জন্য এক অভিনব অফার চালু করেছে। রেস্তোরাঁটিতে জ্যান্ত কিংবা মৃত বার্মিজ অজগর নিয়ে গেলে গ্রাহকদের বিনামূল্যে একটি বড় মাপের স্পেশাল পিৎজা দেওয়া হচ্ছে। রেস্তোরাঁর মালিক ডাস্টিন ক্রাম জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যবিধির কারণে রেস্তোরাঁয় অজগরের মাংস বিক্রি বেআইনি হওয়ায়, বিক্রির পরিবর্তে পরিবেশ রক্ষার পুরস্কার হিসেবেই এই ফ্রি পিৎজা দেওয়া হচ্ছে।
ফ্লোরিডায় বর্তমানে বার্মিজ অজগরের উপদ্রব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যা স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রায় ৩ লক্ষেরও বেশি বন্য অজগর রয়েছে, যা স্থানীয় বন্যপ্রাণী খেয়ে এদের ভারসাম্য নষ্ট করছে। প্রশাসনের উদ্যোগে পরিচালিত ‘পাইথন চ্যালেঞ্জ’-কে সমর্থন জানাতেই এই অফার চালু করা হয়েছে। সাপ শিকারের পর অনেকেই বুঝতে পারেন না কী করবেন, সেক্ষেত্রে এখন তাঁরা সরাসরি রেস্তোরাঁয় সাপ নিয়ে আসছেন এবং বিনিময়ে পিৎজা সংগ্রহ করছেন।