ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই নাগরিকত্ব বাতিল নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের!
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয় বলে শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দিলে তা কোনোভাবেই ওই ব্যক্তির নাগরিকত্ব বাতিলের প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। আদালত সাফ জানিয়ে দিয়েছে, নাগরিকত্বের বিষয়টি নির্ধারণ করার আইনি এক্তিয়ার কেবল স্বরাষ্ট্র মন্ত্রকের, নির্বাচন কমিশনের নয়। তাই উপযুক্ত কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে নাগরিক অধিকার ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
শুনানিতে উঠে আসে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে অনেক মানুষ রেশন বা অন্নপূর্ণা যোজনার মতো সরকারি সুবিধা এবং কাস্ট সার্টিফিকেট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, যদি নাগরিকত্বের কারণে কারো নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে কমিশনকে সেই ব্যক্তির বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে হবে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ৩৪ লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি না হওয়ায় অনেক নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে মামলাকারীর তরফে জানানো হয়েছে। এই প্রেক্ষাপটেই সরকারি সুবিধা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান নিল শীর্ষ আদালত।