প্রেমিকের সাথে ফোনে কথা বলায় মেয়ের করুণ মৃত্যু! রহস্য ফাঁস এক কলেই!
উত্তরপ্রদেশের মীরাটে ১৬ বছর বয়সী এক কিশোরীকে হত্যার দায়ে তার বাবা কপিল শর্মা ও সৎ মা পিঙ্কি শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মীরাটের গোকুল ধাম কলোনিতে। গত ২৬ মে কিশোরীর ফোনের কথোপকথন নিয়ে সন্দেহের বশবর্তী হয়ে বাবা ও সৎ মা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন বলে অভিযোগ। পরিবারের সম্মান রক্ষার অজুহাতে বিষয়টি ধামাচাপা দিতে ওই দিনই হাপুরের ব্রজঘাটে তড়িঘড়ি করে মৃতদেহ দাহ করে ফেলেন অভিযুক্তরা।
ঘটনার সূত্রপাত হয় কিশোরীর মামা ভূপেন্দ্রর করা একটি ফোন কলের মাধ্যমে। ভাগ্নির ফোন বন্ধ পেয়ে তিনি সন্দেহবশত কিশোরীর বাবার সঙ্গে যোগাযোগ করেন। সেখানে অসংলগ্ন ও রহস্যময় উত্তরের কারণে তিনি ভাওয়ানপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কপিল ও তার স্ত্রী অসংলগ্ন ও পরস্পরবিরোধী বয়ান দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে কঠোর জেরার মুখে অভিযুক্তরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে। মীরাট এসপি (গ্রামীণ) অভিজিৎ কুমার জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।