ভয়ংকর দুর্যোগের লাল সতর্কতা, দক্ষিণবঙ্গের বৃষ্টি কবে?
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের ভোগান্তি
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির আশঙ্কায় এই সতর্কতা নেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এসব এলাকায় টানা বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নিচু এলাকায় প্লাবনের শঙ্কা তৈরি হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে, তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টি ছাড়া কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আর্দ্রতাজনিত প্যাঁচপ্যাঁচে গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানরত নিম্নচাপটি পরবর্তী ২৪ ঘণ্টায় দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।