চিকেনস নেকের সুরক্ষায় আজ উত্তরের দিকে তাকিয়ে দেশ!
স্পর্শকাতর ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে তিন দিনের বঙ্গ সফরে শিলিগুড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানানো হয়। শনিবার উত্তরকন্যায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। এই সফরকালে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অনুপ্রবেশ রোধের ব্লু-প্রিন্ট তৈরি, কেন্দ্র-রাজ্য সমন্বয় বৃদ্ধি, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং নতুন ফৌজদারি আইন কার্যকর করার মতো বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।
সফরের অঙ্গ হিসেবে শনিবার সকালে ফুলবাড়ির জুমাগাছে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ১৮ নম্বর ব্যাটালিয়নের প্রহরী সম্মেলনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে একাধিক প্রকল্পের শিলান্যাস ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরকন্যায় অনুষ্ঠিত হবে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। শিলিগুড়ি সফর শেষে শনিবার রাতেই তিনি কলকাতা রওনা হবেন এবং রবিবার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। এই সফরকে ঘিরে গোটা শিলিগুড়ি ও চিকেনস নেক সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।