পুরুলিয়ায় মিলল বহুমূল্য গুপ্তধন! খনি নিলামের ঘোষণায় খুলছে কর্মসংস্থানের নতুন দরজা
পুরুলিয়ার জঙ্গলমহলে বিশ্বের অন্যতম দুষ্প্রাপ্য খনিজ সম্পদ ‘রেয়ার আর্থ’ বা বিরল মৃত্তিকা মৌল উত্তোলনের জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি মাসের ১৫ তারিখ কেন্দ্রীয় খনি মন্ত্রক এই খনি নিলামের নির্দেশিকা জারি করেছে। এর ফলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো কোনো বড় খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু হতে চলেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-এর সমীক্ষা অনুযায়ী, পুরুলিয়া ২ নম্বর ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতের কালাপাথর ও রঘুডি গ্রামে প্রায় ০.৬৭ মিলিয়ন টন বিরল খনিজ মজুত রয়েছে। এছাড়াও গোলামারা-বারুডি এবং কোটশিলার খটঙ্গাতেও এই সম্পদের হদিশ পাওয়া গেছে।
মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি এবং নবায়নযোগ্য জ্বালানি তৈরিতে এই খনিজ অপরিহার্য। বর্তমানে বিশ্বের বেশিরভাগ রেয়ার আর্থের নিয়ন্ত্রণ চীনের হাতে থাকায় ভারত এতদিন আমদানির ওপর নির্ভরশীল ছিল। কেন্দ্রের মতে, এই খনি থেকে কাজ শুরু হলে ভারতের আত্মনির্ভরতা বাড়বে এবং রাজ্য ও কেন্দ্র উভয়ই বিপুল রাজস্ব আদায় করতে পারবে। দীর্ঘকাল ধরে প্রয়োজনীয় তথ্যের অভাবসহ বিভিন্ন কারণে আটকে থাকা এই প্রকল্পটি ২০২৫ সালে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালুর পর গতি পায়। এছাড়া বর্তমানে দার্জিলিং, বাঁকুড়া ও কালিম্পং এলাকায় অন্যান্য খনিজ সম্পদের অনুসন্ধানও চলছে।