অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্নের কড়া সিদ্ধান্তে বিপাকে হাজার হাজার কর্মী!
রাজ্যের ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সুবিধা থেকে এবার নতুন করে একাধিক শ্রেণির কর্মীদের বাদ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মহিলা সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্বশিক্ষিকারা এখন থেকে এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। নবান্নের তরফে স্পষ্ট করা হয়েছে যে, সরকারি চাকরিজীবী ও আয়করদাতাদের পাশাপাশি সরকারি তহবিল থেকে নিয়মিত পারিশ্রমিক বা ভাতা প্রাপ্ত যেকোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা হারাবেন।
এর আগে প্রাথমিক বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সরকারি চাকরিজীবী ও আয়করদাতাদের এই যোজনার বাইরে রাখার কথা জানানো হয়েছিল। তবে বর্তমান পদক্ষেপের ফলে সরকারি খাতের সঙ্গে যুক্ত ওই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরাও অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধার আওতা থেকে বাদ পড়লেন। সরকারের স্পষ্ট বার্তা অনুযায়ী, সরকারি তহবিল থেকে কোনো ধরনের ভাতা বা পারিশ্রমিক পেলেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।