শিশুদের খাবারের চাল পাচার, হাতেনাতে ধরা পড়লেন কেরানি!
রাজস্থানের রাজসমন্দ জেলায় মিড ডে মিলের চাল পাচারের অভিযোগে এক স্কুলের কেরানির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ভার্জু বাই মান্ডোট গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলের ওই কেরানিকে স্কুলের খুদে পড়ুয়াদের দিয়ে জোর করে মিড ডে মিলের চালের বস্তা নিজের ব্যক্তিগত বোলেরো গাড়িতে তুলতে দেখা যায়। এই অমানবিক ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই শিক্ষা দপ্তর নড়েচড়ে বসেছে। খবর পেয়ে পঞ্চায়েত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তাগুলো উদ্ধার করে পুনরায় স্কুলের স্টকে ফেরত পাঠান এবং ঘটনার রিপোর্ট তলব করেছেন।
তদন্তে নেমে আধিকারিকরা দুই স্কুলের অধ্যক্ষের দিকেও সন্দেহের আঙুল তুলেছেন। ভার্জু বাই মান্ডোট গার্লস স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন যে তাঁদের স্কুলে পর্যাপ্ত সামগ্রী থাকায় তারা অতিরিক্ত চালের আবেদন করেননি, অন্যদিকে মহাত্মা গান্ধী ইংলিশ স্কুলের অধ্যক্ষ স্বীকার করেছেন যে অভিযুক্ত কেরানি এর আগেও স্কুল থেকে গম, চাল ও তেলের মতো সামগ্রী নিয়ে গেছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতি চলছে। কর্মকর্তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।