রাস্তায় ৫০টি নতুন বাস, মহিলাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী!
রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত ও সুগম করতে কলকাতার কসবায় ৫০টি নতুন এসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এই ৫০টি বাসের মধ্যে ৪৩টি সিএনজি (CNG) ও ৭টি বৈদ্যুতিক (EV) বাস রয়েছে। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বাসগুলিতে বিশেষ ‘পিঙ্ক সিট’ বা গোলাপি রঙের আসন সংরক্ষণ করা হয়েছে এবং ভবিষ্যতে ‘পিঙ্ক কার্ড’ পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে পরিবহণ কর্মীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে সরকারি বাসের কন্ডাক্টররা চালকদের সমান বেতন পাবেন। সেই সঙ্গে রাজ্যে শীঘ্রই অত্যাধুনিক ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা চালু করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া পরিবহণ ব্যবস্থার দুর্দশার জন্য পূর্ববর্তী সরকারের নীতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের রেখে যাওয়া ৮ লক্ষ কোটি টাকার ঋণ ও সরকারি বাস তুলে নেওয়ার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার নিরন্তর কাজ করে চলেছে।