পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে চিরতরে মুছে দেওয়া হবে, অভিষেককে চরম হুঁশিয়ারি শুভেন্দুর!
July 23, 2026
একুশে জুলাই তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০৩১ সালের নির্বাচন সংক্রান্ত চ্যালেঞ্জের কড়া জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিষেকের আইনি জটিলতা ও সম্ভাব্য জেলযাত্রার জল্পনা উসকে দিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “ভাইপো বলছে নোটবুকে লিখে রাখো ২০৩১ সালে হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে!”
একইসঙ্গে বাজেট অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘ভাইপোপন্থী’ এই তৃণমূল দলকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এছাড়া একুশের শহিদ দিবসের সভা প্রসঙ্গেও তোপ দেগে তিনি দাবি করেন, প্রশাসন চাইলে ওই সভা করতে দেওয়া হতো না। শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।