জনগণনা পোর্টালে তথ্য আপডেট এখন হাতের মুঠোয়! জানুন কীভাবে করবেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলায় শুরু হলো জনগণনা ২০২৬ (Census 2026) কর্মসূচি। এই কার্যক্রমের প্রথম পর্যায়ে ব্লক ও পুরসভা এলাকায় গণনাকারী এবং সুপারভাইজারদের নিয়ে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে, যেখানে অংশগ্রহণ করছেন প্রাথমিক স্তরের শিক্ষক ও আইসিডিএস কর্মীরা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২০১১ সালের পর এই প্রথমবার দেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-নথিভুক্তিকরণ প্রক্রিয়া চলবে, যেখানে নাগরিকরা পোর্টালে নিজেদের তথ্য সরাসরি আপলোড করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন। পরবর্তী পর্যায়ে, ২০২৭ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে মৌজাভিত্তিক চূড়ান্ত তালিকা তৈরির কাজ সম্পন্ন হবে। প্রতিটি ৭০০-৮০০ জন বাসিন্দার জন্য একজন করে গণনাকারী নিয়োগ করা হয়েছে, যাদের কাজের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট সংযোগ রাখা বাধ্যতামূলক।