৩ কোটির রাস্তা গায়েব! বোর্ড ঝুলিয়েই উধাও ঠিকাদার, তৃণমূল নেতার ‘কাটমানি’ নিয়ে ধুন্ধুমার

ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারে তিন কোটি ২৮ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ‘মাইতি কনস্ট্রাকশন’ নামে একটি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হলেও, কাজ অসম্পূর্ণ রেখেই সংস্থাটি উধাও হয়ে গেছে বলে অভিযোগ। সরকারি বোর্ড অনুযায়ী গত ১ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে পিচের কোনো আস্তরণই দেওয়া হয়নি। অল্প বৃষ্টিতেই রাস্তার ওপরের কজওয়েতে জল জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে সরব হয়েছে বিরোধী দল। স্থানীয়দের একাংশের দাবি, বিনপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি চিন্ময় মাহাতোর যোগসাজশেই এই দুর্নীতি হয়েছে। তবে অভিযুক্ত তৃণমূল নেতা বা ঠিকাদার সংস্থার মালিক এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে, বিজেপি বিধায়ক প্রণত টুডু এই ঘটনাকে রাজ্যের বিগত ১৫ বছরের কাজের খতিয়ান হিসেবে বর্ণনা করে শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন এবং দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *