আজ কোন কোন জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা!
শুক্রবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতিতে নিয়মিত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ের রাস্তাগুলির দুরবস্থা এবং নদীগুলির জলস্তর বৃদ্ধির কারণে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।