ঘুষ না দেওয়ায় হয়রানি, সাসপেন্ড দুই মোটর ভেহিকল ইন্সপেক্টর!
পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ট্রাকচালকের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে দুই মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে পরিবহণ দফতর। অভিযুক্ত ওই দুই আধিকারিকের নাম নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের প্রশাসনিক স্তরে দুর্নীতি বা তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, রামপুর চেকপোস্টে ট্রাক সার্ভিসিং সেরে ফেরার সময় চালক শিবা যাদবকে বেআইনিভাবে আটকে রাখা হয়। এ সময় ওই দুই আধিকারিক চালকের কাছে ঘুষ হিসেবে ২২ হাজার টাকা দাবি করেন এবং টাকা দিতে অস্বীকার করায় ট্রাকটি আটকে রাখা হয়। অভিযোগ পাওয়ার পর পরিবহণ দফতর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট দুই আধিকারিককে বরখাস্ত করেছে। পাশাপাশি, ঘটনার ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য বিষয়টি অ্যান্টিকরাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে এবং আটকে রাখা ট্রাকটি দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।