ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে আইআইটি খড়্গপুরে চাকরি, বাতিল শংসাপত্র!
তফসিলি উপজাতির (এসটি) ভুয়ো শংসাপত্র ব্যবহার করে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে সংরক্ষিত পদে চাকরির নেওয়ার একটি চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য সামনে এসেছে। বিশ্বাস, হোসেন কিংবা মণ্ডলের মতো পদবি ব্যবহার করে আদিবাসী পরিচয়ে সংরক্ষিত সুবিধা পাওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য পর্যবেক্ষক পার্সাল কিস্কু অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। খড়্গপুর আইআইটি-তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ঘটনা থেকে এই জালিয়াতির জাল উন্মোচিত হয়। তদন্তে দেখা গেছে, নদিয়ার বাসিন্দা দেবরাজ বিশ্বাস ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছিলেন, যার প্রেক্ষিতে গত ৫ জুন রানাঘাটের এসডিও উক্ত শংসাপত্রটি বাতিল করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
এই জালিয়াতির নেপথ্যে একটি বড় চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের চিহ্নিত করার আর্জি জানানো হয়েছে। এছাড়া, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী অধ্যাপক পদে নিয়োগেও একই ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন, বর্তমানে রাজ্যে প্রায় ৭০০টি ভুয়ো শংসাপত্র বাতিল করা হয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে অযোগ্যদের চাকরি বাতিল করা হবে এবং যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন। আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বিষয়টি তাদের লিগ্যাল সেল খতিয়ে দেখছে।