মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আসতেই ধড়পাকড়, সাংবাদিক নিগ্রহে গ্রেফতার ১১!
কলকাতায় নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডের প্রতিবাদে আয়োজিত মিছিলে বিশৃঙ্খলা ও সাংবাদিকদের নিগ্রহের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কেউ ছাত্র নন বলে জানিয়েছে প্রশাসন। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো ও জলের বোতল ছোঁড়ার পাশাপাশি কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে, যার ফলে বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জোড়াসাঁকোর ইরফান খুরশেদ, এরশাদ আলি, মহম্মদ মঈনুদ্দিন, মহম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা, জমীর আহমেদ, মহসিন খান, দীপক ভৌমিক, মহম্মদ আজাদ এবং মহম্মদ আফরোজ। ভিডিয়ো ফুটেজ দেখে শনাক্ত করার পর মহম্মদ আফরোজ ও মহম্মদ আজাদ নামে দুজনকে ভিনরাজ্যে পালানোর চেষ্টাকালে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থেকে পুলিশ পাকড়াও করে। উল্লেখ্য, এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।