ফ্লিপকার্ট জমি চুক্তিতে ১২ কোটিরও বেশি লোকসান, ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBIDC)-এর মাধ্যমে নদিয়ার হরিণঘাটা শিল্পতালুকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের লজিস্টিক্স শাখা ‘ইনস্টাকার্ট সার্ভিসেস’-কে জমি বরাদ্দ করার প্রক্রিয়ায় ১২ কোটি ৮৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতির তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক এক সিএজি (CAG) রিপোর্টে দেখা গেছে, শিল্পতালুকটির লেআউট প্ল্যান অনুযায়ী ৫৫.৮৯ একর জলাশয় শিল্পায়নের অযোগ্য হওয়া সত্ত্বেও তা বাদ না দিয়ে পুরো ৩৫৮.১৯ একর জমিকে হিসাবের ভিত্তি ধরে জমির বেস প্রাইস নির্ধারণ করা হয়েছিল। এর ফলে ১০৯.১২ একর জমি লিজ দেওয়ার ক্ষেত্রে একর প্রতি নির্ধারিত দামের তুলনায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
সিএজি-র পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়ম মেনে শিল্পের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ অনুযায়ী হিসাব করলে প্রতি একর জমির দাম হওয়া উচিত ছিল ৭৫ লক্ষ ২৩ হাজার টাকা। কিন্তু নিগম ওই জমি প্রতি একর মাত্র ৬৩ লক্ষ ৪৯ হাজার টাকা দরে বরাদ্দ করেছে। এদিকে, এই বিপুল আর্থিক ক্ষতির তথ্যটি সরকারের তরফ থেকে প্রকাশ্যে না আনার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০১৮ সালে ফ্লিপকার্টের এই মেগা প্রকল্পের জন্য আবেদন করা হয় এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৯৯ বছরের লিজ চুক্তি সম্পাদিত হয়। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্বে জানানো হয়েছিল যে, পরিচালন পর্ষদ ও রাজ্য মন্ত্রিসভার আলোচনার পরেই জমির বেস প্রাইস অনুমোদিত হয়েছিল।