প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি নিয়ে কেন বিপাকে শ্রীলেখা মিত্র?
নিট প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত মিছিলে প্রধানমন্ত্রীর একটি আপত্তিকর পোস্টার বহন করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতার আনন্দপুর থানায় বিজেপি নেত্রী কেয়া ঘোষের দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) এবং ৩৫৬(৩) ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম থানাসহ রাজ্যের আরও কয়েকটি থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে শ্রীলেখা মিত্র এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে, মিছিলে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পাওয়ারের চশমা না থাকায় তিনি অসতর্কতায় পোস্টারটি হাতে তুলে নিয়েছিলেন। তিনি জানান, দৃশ্যটি না দেখেই তিনি তা বহন করেছিলেন এবং বিষয়টি ইচ্ছাকৃত নয়। এদিকে বিজেপি নেত্রী কেয়া ঘোষের দাবি, প্রধানমন্ত্রীর অশালীন ছবি ব্যবহারের ঘটনায় অভিনেত্রীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অন্যথায় তারা আদালতের দ্বারস্থ হবেন।